ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
রবিবার ২৬, জুলাই ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশক্তির 'বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ' কেন্দ্রীক আলোচনা সভায় ইবি শাখা ছাত্রশক্তির গঠিত কমিটিকে প্রশ্নবিদ্ধ করে হট্টগোল করেছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) কয়েকজন নেতাকর্মী।
রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রশক্তির আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে হট্টগোল করে তারা।
এসময় তারা অভিযোগ করে বলেন, গত ৫ জুলাই ইবি ছাত্রশক্তির কমিটি হয়েছে। কিন্তু সেখানে আমরা চরম বিস্ময়ের সাথে দেখেছি, জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক সংগঠন 'এনসিপি'র ছাত্র সংগঠন 'জাতীয় ছাত্রশক্তি'তে জুলাইয়ের সেই প্রকৃত লড়াকু যোদ্ধাদের বিন্দুমাত্র মূল্যায়ন করা হয়নি। জুলাইয়ের স্পিরিটকে পদদলিত করে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে যাদেরকে নেতৃত্বে দেওয়া হয়েছে তারা বিগত দিনের স্বৈরাচারের উচ্ছিষ্ঠভোগী সাবেক ছাত্রলীগ এবং ছাত্রদলের সুবিধাবাদী কর্মী।
তারা বলেন, এই তথাকথিত কমিটির আহবায়ক ফুয়াদ হাসান কোনো সাধারণ মুখ নয়। ফ্যাসিবাদী আমলে প্রত্যক্ষভাবে নিষিদ্ধ ঘোষিত ও খুনি সংগঠন ছাত্রলীগের সাথে তার যুক্ত থাকার যথেষ্ট ছবি ও ডকুমেন্ট আমাদের হাতে আছে। সে আবারও ক্যাম্পাসে নবরূপে ছাত্রলীগ পুনর্বাসনের নীল নকশা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে।
এছাড়া, সদস্য-সচিব ইফতেহার উদ্দীন রাজনৈতিক বহুরূপী। এই ব্যক্তি পূর্বে ছাত্রলীগের সকল প্রকার অপকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। অভ্যুত্থানের পর যখন সে দেখল বাতাস ঘুরে গেছে, তখন সে ছাত্রদলের কমিটিতে জায়গা পাওয়ার জন্য নির্লজ্জের মতো সিভি জমা দেয়. এর একাধিক নিউজ ও প্রমাণ আমাদের কাছে আছে।
হট্টগোল করা ইবি বৈবিছাআর যুগ্ম-সদস্য সচিব বাঁধন বিশ্বাস বলেন, কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসান পূর্বে ছাত্রলীগ করতো। জুলাইয়ে পরেও তিনি হল দখল করে ছাত্রলীগ পূনর্বাসনের চেষ্টা করে। পরে আমাদের বাঁধায় তিনি হল থেকে নামতে বাধ্য হয়। ফুয়াদ জাহিদের কোরামের সাথে রাজনীতি করায় পদ পেয়েছে। এছাড়া কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্তার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কমিটিও হয়েছে। জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে যেহেতু কমিটি দেওয়া হয়েছে কিন্তু সেখানে প্রকৃত আন্দোলনকারীদের কেন রাখা হয়নি। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে এই বিষয়ে জানার জন্য গিয়েছিলাম।
এ বিষয়ে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, সভায় একটি অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যারা ক্ষুব্ধ ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আজকে এখানে যারা এসেছিলেন সবাই জুলাই আন্দোরনকারী। কমিটি নিয়ে অনেকের মাঝেই ক্ষুব্ধতা থাকে। আমরা তাদের কথা শুনেছি। এর প্রেক্ষিতে আমরা শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানসহ এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশক্তি ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান এবং পরিচালনা করেন সদস্য সচিব ইফতেহার উদ্দীন।