সোমবার ২৭, জুলাই ২০২৬

সোমবার ২৭, জুলাই ২০২৬ -- : -- --

বাকৃবিতে বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা সেবা প্রদান

বাকৃবি থেকে মো.আবু হানিফ

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালযয়ে (বাকৃবি) প্রান্তিক কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন চিকিৎসা সেবা প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ কেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) এবং সাইক গ্রুপ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আয়োজক সূত্রে জানা যায় দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ৪১ জন রোগী বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসনবিষয়ক পরামর্শ গ্রহণ করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. ইফ্ফাত আরা মাহ্জাবীন।

এছাড়াও সাইক গ্রুপের চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়া, সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রিন্সিপাল মো. মঞ্জুর রহমান, একই প্রতিষ্ঠানের আউটডোর ইনচার্জ অ্যাসোসিয়েট অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ফিজিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক আসমা আরজু লিজা, সিআরপি ময়মনসিংহের সেন্টার ম্যানেজার রাফিউল করিম, ডেপুটি সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাল, বাকৃবির ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলমসহ  সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফিজিওথেরাপি শুধু ওষুধনির্ভর চিকিৎসা নয়, বরং বৈজ্ঞানিক ব্যায়াম, পুনর্বাসন এবং জীবনযাত্রাভিত্তিক পরিচর্যার মাধ্যমে রোগীর শারীরিক কার্যক্ষমতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রেই ওষুধ ছাড়াই এ পদ্ধতির মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যথা, পক্ষাঘাত, অস্থি ও স্নায়বিক সমস্যায় আক্রান্ত রোগীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ। 

Link copied!