মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬ -- : -- --
অধ্যাপক ড. মো. আখতার হোসেন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নিয়োগ দিয়েছে।
সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ২১(১) ধারা অনুযায়ী তাঁকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক আখতার হোসেন যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের নির্ধারিত তারিখ পর্যন্ত যেটি আগে হবে - এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় তিনি বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
অধ্যাপক আখতার হোসেন রুয়েটের পুরকৌশল বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর নিয়োগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন।
রুয়েটে সর্বশেষ প্রো-ভিসি ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মর্ত্তুজা আলী। তিনি ২০১০ সালের ১২ অক্টোবর নিয়োগ পান এবং ২০১৪ সালের ১১ অক্টোবর তাঁর চার বছরের মেয়াদ শেষ হয়। এরপর প্রায় ১২ বছর ধরে পদটি শূন্য ছিল। দীর্ঘ সময় পর নতুন প্রো-ভিসি নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ শূন্যতা পূরণ হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।