মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬

মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬ -- : -- --

রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ এএম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী ড. মো. শফিকুল ইসলামকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি এবং উপাচার্যের অর্পিত ক্ষমতা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

নিয়োগের প্রতিক্রিয়ায় রাবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, “নতুন দায়িত্ব পাওয়া সত্যিই আনন্দের। প্রতিটি দায়িত্বের ভার মানুষকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করায়। আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমি আশা করি, সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে আমি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবো।”

ড. মো. শফিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস থেকে মেরিন সায়েন্স বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি মেরিন বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। উচ্চশিক্ষা শেষে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং দীর্ঘদিন ধরে সমুদ্রবিজ্ঞান ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

Link copied!