ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম
বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণসহ ৯ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, রিফাত হোসাইন, আসাদ তৌফিক, নয়ন হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
স্মারকলিপিতে ছাত্রদল উল্লেখ করে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারা দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছে সংগঠনটি।
স্মারকলিপিতে উত্থাপিত দাবির মধ্যে রয়েছে, প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন, আবাসিক হল ও ক্যাম্পাসের সব খাবারের দোকানে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সমমূল্যে খাবারের টোকেন চালু করে বৈষম্য দূর করা, ঝাল চত্বরের স্থায়ী সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ।
এছাড়া ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অপরিকল্পিত দোকান অপসারণ, ক্যাম্পাসকে ভিক্ষুকমুক্ত করা, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, মীর মুগ্ধ সরোবরের সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ এবং পর্যাপ্ত নিরাপত্তা ও কার্যকর নজরদারির মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
ছাত্রদল আশা প্রকাশ করে, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।