বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --

কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষার অভিযোগে ইবি ছাত্রদলের স্মারকলিপি নিয়ে বিতর্ক

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ না করে স্মারকলিপি দেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের বিরুদ্ধে। বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সংগঠনের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন ও সদস্য সচিব রাফিজ আহমেদের স্বাক্ষরিত স্মারকলিপি জমা দেওয়ার পর বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরেই বিতর্ক সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদল ৩৯ সদস্যের ইবি শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এতে মাসুদ রুমি মিথুনকে আহ্বায়ক, আনোয়ার পারভেজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাফিজ আহমেদকে সদস্য সচিব করা হয়। কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে সাংগঠনিক কার্যক্রম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। তবে উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের স্বাক্ষর ছিল না।

এ বিষয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, স্মারকলিপি দেওয়ার বিষয়টি তাকে জানানো হলেও তার স্বাক্ষর নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে এবং এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সংগঠন ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, সব সাংগঠনিক কার্যক্রমে তিনজনের স্বাক্ষর বাধ্যতামূলক নয়। তার ভাষ্য, এ ধরনের স্মারকলিপিতে আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর থাকলেই যথেষ্ট। তিনি আরও বলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপস্থিত না থাকায় তার স্বাক্ষর নেওয়া সম্ভব হয়নি।

কেন্দ্রীয় নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। পরে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!