নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বাংলাদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানভিত্তিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস (Cambridge University Press-CUP) যৌথভাবে ‘BdREN–CUP Collaboration: Pathway towards Global Knowledge’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত এ সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও BdREN ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
সেমিনারে বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের জ্ঞানসম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করা, গবেষকদের জন্য উন্নত ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং গবেষণা ও উদ্ভাবনকে গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে আন্তর্জাতিক মানের একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের ন্যাশনাল সেলস হেড দেবোত্তম ভট্টাচার্য, BdREN-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত, দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা।
নোবিপ্রবির পক্ষ থেকে পরিচালক (হিসাব, ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান এবং ডেপুটি লাইব্রেরিয়ান মো. বাবার আলীও সেমিনারে অংশ নেন।