প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে বাজারের ব্যবসায়ী মো. নাহিদের মালিকানাধীন ‘লিপ্টন ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি’ দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক মো. নাহিদ জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। পরে রাত ১২টা ১০ মিনিটে মোবাইল ফোনে দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পাওয়ার ৫ থেকে ৬ মিনিটের মধ্যে স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত লিডার) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মাগুরা থেকে আরও দুটি ইউনিট আনা হয়। পরে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার অভিযান পরিচালনা করেন উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দোকান মালিকের দাবি, আগুনে দোকানের সব মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
