প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম
কক্সবাজারের সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্র জানায়, টেকনাফ বাজারঘাট থেকে সেন্টমার্টিনগামী একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। এ সময় নৌকায় থাকা এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
