সোমবার ২০, জুলাই ২০২৬

সোমবার ২০, জুলাই ২০২৬ -- : -- --

জেন্নাত হত্যাকাণ্ড: দ্রুত বিচার চেয়ে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংঘাট বটতলী এলাকায় ওষুধ ব্যবসায়ী জাহেদুল ইসলাম জেন্নাত হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত জাহেদুল ইসলাম জেন্নাতের বাবা আব্দুস সাত্তার, বড় ভাই জয়নাল আবেদীন, ছেলে শাকিবুলসহ পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের কয়েকদিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিসহ কয়েকজন এখনো গ্রেফতার হয়নি। তারা দ্রুত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ১৪ জুলাই রাজারহাট উপজেলার বটতলী বাজারে রাস্তা ও জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে জাহেদুল ইসলাম জেন্নাতের সঙ্গে প্রতিবেশী লিয়াকত সরকার লিমনের পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন জেন্নাত।

ঘটনার পরদিন নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে রাজারহাট থানায় ২৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করলেও প্রধান আসামিসহ কয়েকজন এখনো পলাতক রয়েছে বলে পরিবারের দাবি।

মানববন্ধন থেকে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Link copied!