মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

মোহনগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

মোহনগঞ্জ-নেত্রকোনা থেকে‎ মো: মোজাহিদ হোসেন

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য গঠিত মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতারা। শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

রোববার (১৯ জুলাই) রাত ৮টায় মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আলতাব হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমূছ সাদী চৌধুরী অপু। এছাড়া বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানব গোস্বামী, যুগ্ম সম্পাদক যুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক কিরণ খাঁ, প্রচার সম্পাদক মো. সৌরভ খান ও দপ্তর সম্পাদক রিয়াজ রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জামিউল ইসলাম রাকিব বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করবে উপজেলা ছাত্রদল। মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিত করতে শিক্ষা তহবিলের অর্থ যথাযথভাবে ব্যবহারের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আলোচনা হয়েছে এবং বিষয়টি দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে নাজমূছ সাদী চৌধুরী অপু বলেন, হাওরাঞ্চলের শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে মোহনগঞ্জ সরকারি কলেজে অনার্স পরীক্ষার কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, বর্তমানে অনার্স পরীক্ষার্থীদের নেত্রকোনা গিয়ে পরীক্ষা দিতে হয়। মোহনগঞ্জ সরকারি কলেজে কেন্দ্র চালু হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে।

সভায় ছাত্রদল নেতারা সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে পাশে থেকে শিক্ষা ও সমাজ উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ সুশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জি এম জাকারিয়া তুষার, প্রচার সম্পাদক মো. মোজাহিদ হোসেন, প্রযুক্তি সম্পাদক জিয়ান, সদস্য মো. জায়েদ হাসন, আজিজুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!