প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২০ জুলাই) দুপুর ১টায় সাতোর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন রাজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
প্রধান অতিথির বক্তব্যে নিবেদিতা দাস বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম একটি সমাজের অগ্রগতির বড় বাধা। সাতোর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা শুধু একটি অর্জন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এই অর্জন ধরে রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার রবার্ট কমল সরকার, চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ এবং প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা।
আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশুর অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু ফোরামের সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
