নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম
সোমবার ২০, জুলাই ২০২৬ -- : -- --
প্রতীকী ছবি।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তি ১৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ২০ জুলাই সকাল ৯টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। একই সময়ে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলও নিয়ন্ত্রিত থাকবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থানরত শিক্ষার্থীদের হলের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হলে প্রবেশ করে অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।
পাশাপাশি ওই সময়ে ক্যাম্পাসে অবস্থানকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা আইডি কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।