প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম
মাগুরায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী রাজিয়া খাতুনকে (১৫) ধর্ষণের চেষ্টা ও হত্যার দায়ে হাসান শেখ (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত হাসান শেখ মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৭ মার্চ বিকেলে শ্রীকোল গ্রামের বাসিন্দা মিকিজ শেখের মেয়ে রাজিয়া খাতুন বাড়ির পাশের একটি জমিতে রসুন দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরে কুমার নদের তীরবর্তী একটি পেঁপে বাগানের পাশের বাঁশঝাড় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার দুই দিন পর, ১৯ মার্চ নিহতের বাবা মিকিজ শেখ বাদী হয়ে শ্রীপুর থানায় হাসান শেখকে একমাত্র আসামি করে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে র্যাব ও পুলিশ যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করে।
তদন্তে উঠে আসে, নির্জন স্থানে রাজিয়াকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে ঘটনা গোপন করতে ব্লেড দিয়ে তার গলা কেটে হত্যা করে হাসান শেখ।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। রায় ঘোষণার পর রাজিয়ার মা ছবিরন নেছা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার বিচার পেয়েছি। এখন দ্রুত এই রায়ের কার্যকর বাস্তবায়ন চাই।”
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এশা খন্দকার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহেদ রহমান।
