জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম
সোমবার ২০, জুলাই ২০২৬ -- : -- --
সাংবাদিক ফোরাম নিষিদ্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন জাককানইবির শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সাংবাদিক ফোরাম নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পর সাংবাদিক ফোরামের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে গঠন করা হয়েছে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
রোববার (১৯ জুলাই) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁদের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'সাইবার বুলিং বন্ধ করো' 'Stand with Kona' 'নারী শিক্ষার্থী হেনন্থা প্রশাসন কি করে' 'সাংবাদিক ফোরাম নিষিদ্ধ চাই' 'WE WANT JUSTICE' 'নারী শিক্ষার্থী হেনন্থা প্রশাসন চুপ কেন?'
মানববন্ধনে শিক্ষার্থীরা দুটি দাবি উত্থাপন করেন। তাঁদের দাবি, সাংবাদিক ফোরামের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং নারী শিক্ষার্থী হেনন্থার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।
পরে আন্দোলনস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত এবং তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রোববারই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুলাই ২০২৬ ক্যাম্পাসে ‘৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৬’-এর প্রস্তুতিমূলক কাজ চলাকালে কয়েকজন বহিরাগত যুবক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর গোপনে ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে সাধারণ শিক্ষার্থীরা তাঁদের আটক করলে ওই যুবকেরা নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরে তদন্ত কেন্দ্র থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়। তবে ক্ষমা চাওয়ার ওই ঘটনার ভিডিও ধারণ করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের একজন সদস্য। পরবর্তী সময়ে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
ভিডিওটি পরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বহিঃস্থ বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর সূত্র ধরে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এক ছাত্রীর ছবিসহ পোস্ট দেওয়া হলে ওই শিক্ষার্থী চরম সাইবার বুলিং ও সামাজিক হেয়প্রতিপন্নতার শিকার হন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ে পোস্টটি অপসারণের নির্দেশনা দেওয়া হলেও সাংবাদিক ফোরামের অসতর্কতা ও অহেতুক বিলম্বের কারণে বিষয়টি আরও গুরুতর আকার ধারণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার বুলিং বন্ধ করা এবং ক্যাম্পাসের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে উপাচার্যের অনুমোদনক্রমে ‘জাককানইবি সাংবাদিক ফোরাম’-এর সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও অধিকতর তদন্তের স্বার্থে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।