ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি ব্যবহার করে পর্যটন পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ৬১৪ নম্বর কক্ষে 'Capacity Building Workshop on GPS-Based Geospatial Technology for Tourism Planning & Management' শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫ম ব্যাচ) শিক্ষার্থীরা কর্মশালার আয়োজন করে।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস শহীদ মিয়া। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক খাদিজাতুল কুবরা। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ইনজামুল হক।
কর্মশালায় পর্যটন পরিকল্পনা ও ব্যবস্থাপনায় জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তির ব্যবহার, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, স্থানভিত্তিক তথ্য ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যটন ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
কোর্স ফ্যাসিলিটেটর ও বিভাগের প্রভাষক খাদিজাতুল কুবরা বলেন, জিপিএস ট্র্যাকারের মাধ্যমে একটি পর্যটন গন্তব্যের নিরাপদ ও সীমাবদ্ধ এলাকা, পর্যটকদের চলাচল এবং বিভিন্ন আকর্ষণ চিহ্নিত করে কীভাবে কার্যকর পরিকল্পনা ও ব্যবস্থাপনা করা যায়, তা কর্মশালায় শেখানো হয়েছে। এর মাধ্যমে পর্যটনকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস শহীদ মিয়া বলেন, “এ ধরনের আয়োজন সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয়। জিপিএসভিত্তিক প্রযুক্তির কার্যকর ব্যবহার পর্যটকদের আরও উন্নত সেবা নিশ্চিত করবে এবং দেশের পর্যটন খাতকে আধুনিক ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”