প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম
চট্টগ্রাম-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হুমাম কাদের চৌধুরী বলেছেন, দেশপ্রেম খুব গুরুত্বপূর্ণ। ১৪০০ মানুষ প্রাণ দিয়েছে এদেশের জন্য এই জুলাইয়ে। তাদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের আত্মত্যাগকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীরা এই দেশকে বদলানোর সামর্থ্য রাখে। তোমাদেরই এগিয়ে আসতে হবে।
দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের দেশে অনেক প্রতিভা আছে। আমরা সেই প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে সুযোগ করে দিতে চাই যাতে তোমরা দেশের জন্য কিছু করতে পারো। দেশের ভবিষ্যৎ কেমন হবে তা তোমরাই নির্ধারণ করবে। তোমাদের চিন্তা করতে হবে যে তোমাদের সিদ্ধান্তগুলো দেশে কতটুকু প্রভাব রাখবে। সাফল্য সবসময় থাকবে না। মাঝে মাঝে পড়ে যাবে, হোঁচট খাবে কিন্তু প্রতিবারই উঠে দাঁড়িয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
১৮ জুলাই (শনিবার) ২০২৬ তারিখ বিকালে চুয়েটের শামসেন নাহার খান হলে “স্মার্ট হল ম্যানেজমেন্ট সিস্টেম” সফটওয়্যার এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একেএস খান হোল্ডিংস এবং একেএস খান হেলথ কেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সামানজার খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন শামসেন নাহার খান হল এর প্রভোস্ট অধ্যাপক ড. রাজিয়া সুলতানা। শামসেন নাহার খান হলের শিক্ষাথীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী উম্মে হাবিবা এবং যন্ত্রকৌশল বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী সাদিকা মারিয়াম।
এছাড়া স্মার্ট হল ম্যানেজমেন্ট সিস্টেম” সফটওয়্যার এর নিমার্তা রূপকল্প সফটওয়্যার এর পক্ষ থেকে বক্তব্য রাখেন রূপকল্প সফটওয়্যার এর চিফ অপারেটিং অফিসার জনাব সায়মা আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শ্রাবন্তী সরকার এবং যন্ত্রকৌশল বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী শ্রেয়সী ঘোষ।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ চুয়েট মেডিকেল সেন্টার পরিদর্শন করেন এবং একটি পোর্টেবল এক্স-রে মেশিন চুয়েটকে উপহার হিসেবে প্রদানের ঘোষণা করেন।
