প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার একটি আলোচিত ধর্ষণ ও অপহরণ মামলায় আদালতের নির্দেশে তৃতীয় দফায় তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে মামলাটি নিয়ে কালীগঞ্জ থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পৃথক তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। তবে বাদীপক্ষ ওই প্রতিবেদনগুলোর বিরুদ্ধে নারাজি আবেদন করলে আদালত পুনরায় অধিকতর তদন্তের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের এক স্কুলছাত্রীকে (ছদ্মনাম) বাদী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৬ জুন প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে বিয়ে ও ধর্ষণের ঘটনা ঘটানো হয়।
তদন্ত শেষে কালীগঞ্জ থানা পুলিশ অভিযোগের সত্যতা না পাওয়ার কথা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালতের নির্দেশে পিবিআই পুনঃতদন্ত চালায়। পিবিআইও দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা উল্লেখ করে সম্পূরক চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
এরপরও বাদীপক্ষ পুনরায় নারাজি আবেদন করলে আদালত অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল)-কে অধিকতর তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী বর্তমানে মামলাটির পুনঃতদন্ত চলছে।
এদিকে মামলাটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টিও তদন্তে উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এসব বিষয়ে এখনো আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত শেষে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
