মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত সিভাসু ক্যাম্পাস

সিভাসু প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং বিশ্ববিদ্যালয় জীবনের নিয়ম-কানুন, একাডেমিক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ‍কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হচ্ছে সপ্তাহব্যাপী সমারম্ভ (ওরিয়েন্টেশন) অনুষ্ঠান। 

আজ সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ভেটেরিনারি মেডিসিন অনুষদের সমারম্ভ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রামের ডেপুটি চিফ ইপিডেমিওলজিস্ট ডা. জাকিরুল ফরিদ এবং এমএএস এ্যাডিটিভস্ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। পরে ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক প্রেজেন্টেশন দেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন।

দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের সমারম্ভ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য ও উক্ত অনুষদের ডিন (অ.দা.) প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল আমিন এবং সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হক। অনুষ্ঠানে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ক্যারিয়ার সম্পর্কিত উপস্থাপনা প্রদান করেন, জিনোমিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো: সাদ্দাম হোসেন এবং অনুষদ সম্পর্কিত উপস্থাপনা প্রদান করেন এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক ফাহমিদা বিনতে ওয়ালী। 

গত রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের সমারম্ভ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হক, বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার-এর পরিচালক ড. বরুণ কান্তি সাহা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার।

স্বাগত বক্তব্য রাখেন এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. শামছুল মোর্শেদ। অনুষদ পরিচিতি ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে প্রেজেন্টেশন দেন ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহের নাহিদ। 

একই দিন বিকেলে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ফিশারিজ অনুষদের সমারম্ভ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন এবং সাবেক উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. মো: ফয়সাল।  

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শুধু একটা সার্টিফিকেট অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছ এই চিন্তা যেন তোমাদের মাথায় না থাকে। জ্ঞান অর্জনের পাশাপাশি তোমরা তোমাদের দক্ষতা বৃদ্ধি করবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে। সৎ, মানবিক এবং একজন পরিপূর্ণ মানুষ হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হবে।’        

অনুষদীয় সমারম্ভ অনুষ্ঠানের পাশাপাশি গত দুই দিন বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীস্থ রিসার্চ অ্যান্ড ফার্ম বেইসড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় নবাগত শিক্ষার্থীদের ল্যাব রোটেশন। এছাড়া, শিক্ষার্থীরা উক্ত ক্যাম্পাসে ডেইরি, পোল্ট্রি ও ফিশ ফার্ম এবং ফুড সেইফটি ইনস্টিটিউট ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করে।

Link copied!