সোমবার ২০, জুলাই ২০২৬

সোমবার ২০, জুলাই ২০২৬ -- : -- --

রাবি শিক্ষার্থীদের তৈরি ‘RU Connect’ অ্যাপ উদ্বোধন

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘RU Connect’ নামে একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই শিক্ষার্থী সুজন প্রধান ও নাজমুল হাসান। অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে।

‘Butterfly Devs’-এর তৈরি এই অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে। ডেভেলপারদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য নির্ভরযোগ্য তথ্য ও সেবাকে সহজলভ্য করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নোটিশ ও সর্বশেষ আপডেট, অ্যালামনাই নেটওয়ার্ক, শিক্ষার্থী কমিউনিটি ও সংগঠন ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ব্যবসায়িক মার্কেটপ্লেস, মেডিকেল-সংক্রান্ত তথ্য ও সেবা, রক্তদাতার তথ্যভান্ডার, চাকরির বিজ্ঞপ্তি, ক্যারিয়ার–সংক্রান্ত তথ্য, শিক্ষার্থীদের জন্য রিসোর্স হাব, বিশ্ববিদ্যালয়ের বাসের সময়সূচি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন প্রয়োজনীয় লিংকসহ নানা সুবিধা সংযুক্ত করা হয়েছে।

অ্যাপটির ডেভেলপার সুজন প্রধান ও নাজমুল হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনকে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করে নির্ভরযোগ্য তথ্য ও প্রয়োজনীয় সেবা সহজে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

তারা বলেন, ‘RU Connect’ শিক্ষার্থীদের দৈনন্দিন বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সহজ, সংগঠিত ও প্রযুক্তিনির্ভর করে তুলবে। একই সঙ্গে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ডেভেলপাররা আরও জানান, ব্যবহারকারীদের মতামত ও প্রয়োজনের ভিত্তিতে অ্যাপটিতে নিয়মিত নতুন ফিচার, তথ্য ও সেবা যুক্ত করা হবে। ভবিষ্যতে আরও উন্নত সুবিধা সংযোজনের মাধ্যমে RU Connect-কে রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল তথ্যসেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে RU Connect অ্যাপটি Butterfly Devs-এর নামে গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রয়েছে।

Link copied!