সোমবার ২০, জুলাই ২০২৬

সোমবার ২০, জুলাই ২০২৬ -- : -- --

রাঙ্গামাটির বন্যার্ত ২০০ পরিবারের পাশে রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাঙ্গামাটির দুর্গম দুই উপজেলা বাঘাইছড়ি ও বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তানালা, ওরাছড়ি, গোয়াইনছড়ি ও ফারুয়া বাজারসংলগ্ন এলাকায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। একই দিনে বাঘাইছড়ি উপজেলার কলেজপাড়া, মাস্টারপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, শরিফ মাস্টারপাড়া, পশ্চিম ও পূর্ব লাইল্যাঘোনা, মধ্যমপাড়া এফ ব্লক এবং কাচালং বাজার এলাকায় আরও ১০০টি পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেয় বিশ্ববিদ্যালয়ের আরেকটি স্বেচ্ছাসেবী দল।

এ ছাড়া, বাঁধন রাবিপ্রবি ইউনিটের উদ্যোগেও বন্যাকবলিত মানুষের মাঝে পৃথকভাবে ত্রাণ বিতরণ করা হয়।

দুর্গম পথ অতিক্রম করে ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় ত্রাণ পৌঁছে দেওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় দুর্গম এলাকাগুলোতে সফলভাবে ত্রাণ কার্যক্রম সম্পন্ন হয়।

রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া সকল স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়িত্বের অংশ।

এর আগে, ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত করে উদ্বৃত্ত অর্থ বন্যাদুর্গতদের সহায়তায় ব্যয় করার সিদ্ধান্ত নেয় রাবিপ্রবি প্রশাসন। ওই অর্থে সংগ্রহ করা ত্রাণসামগ্রী বিশ্ববিদ্যালয়ের ত্রাণ উপ-কমিটি ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী দলের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ত্রাণ বিতরণ কার্যক্রমে রাবিপ্রবির বাঁধন ইউনিট, রেড ক্রিসেন্ট ইয়ুথ, সিএসই কম্পিউটার ক্লাব, ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি, ট্যুরিজম ক্লাব, ফিশারিজ ক্লাব এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

Link copied!