প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার (iTracker)’ চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানে চালু হওয়া এই সেবার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর রিয়েল-টাইম অবস্থান জানতে পারবেন। এতে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা, অবস্থান নিয়ে অনিশ্চয়তা এবং যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষের জীবনকে সহজ, নিরাপদ ও কার্যকর করে তোলে। এই ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে ব্যবহারকারীরা বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন, সময় সাশ্রয় হবে এবং পরিকল্পিতভাবে যাতায়াত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই ব্যবস্থা পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। নির্ধারিত রুটের বাইরে কোনো যানবাহন চলাচল করলে তা সহজেই শনাক্ত করা যাবে। পাশাপাশি জ্বালানি অপচয় ও অপ্রয়োজনীয় ব্যয় কমবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদানও সহজ হবে।
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল না। ইলেকট্রিক কার্ট ও অটোরিকশা চালুর উদ্যোগের ধারাবাহিকতায় এবার লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীরা এখন মোবাইল ফোনেই জানতে পারবেন বাস কোথায় রয়েছে এবং তাদের অবস্থানে পৌঁছাতে কত সময় লাগবে। এই সেবার ধারাবাহিকতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, জাকসুর নেতৃবৃন্দ, ইফাদ গ্রুপের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
