প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ পিএম
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে ২৬ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে "পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্যে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স)-এর আওতাধীন দীঘিনালা জোন উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে এসব গাছের চারা বিতরণ করে। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিনের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সেনাবাহিনী জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, পাহাড়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমাসহ সেনাবাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চারা পাওয়া স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বৃদ্ধি করবে এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
