প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের আখন বাড়ি এলাকায় যাতায়াতের রাস্তা কেটে এবং দেয়াল নির্মাণ করে প্রায় ১০টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার ৯ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আখন বাড়ি এলাকায় প্রায় ৪০ বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা স্থানীয় মিজান হাওলাদার কেটে বিলের সঙ্গে মিশিয়ে দেন। পাশাপাশি বাবুল হাওলাদার নামে আরেক ব্যক্তি রাস্তার ওপর দেয়াল নির্মাণ করায় পথটি আরও সংকুচিত হয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, বর্তমানে রাস্তাটির এমন অবস্থা হয়েছে যে রিকশা বা মোটরসাইকেল চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অবরুদ্ধ পরিবারের সদস্য মন্নান, বাচ্চু, আরিফ, শামছু, শাকিল, শাহিনুর বেগম ও হরুচ্ছা বেগম জানান, চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি পরিবারের কারো মৃত্যু হলে লাশ বহনের মতো ন্যূনতম পথও অবশিষ্ট নেই। এতে নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
অভিযোগের বিষয়ে বাবুল হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অপর অভিযুক্ত মিজান হাওলাদার দেশের বাইরে থাকায় তার মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা চলাচলের রাস্তা পুনরুদ্ধার এবং সমস্যার দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
