শুক্রবার ১৭, জুলাই ২০২৬

শুক্রবার ১৭, জুলাই ২০২৬ -- : -- --

শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি সভাপতি

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উপনির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত।

মঙ্গলবার (১৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কয়েকটি শূন্য পদ পূরণে 'কার্যকরী পরিষদ উপনির্বাচন-২০২৬' আয়োজন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ও গোপন ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের ভিত্তিতে আরিফুর রহমান সৈকতকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

ছাত্রশিবির জানিয়েছে, ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের আগের কার্যকরী পরিষদের ১২ জন নির্বাচিত ও একজন মনোনীত সদস্যের ছাত্রজীবন শেষ হওয়ায় পদগুলো শূন্য হয়। পরে উপনির্বাচনের মাধ্যমে ১২ জন নতুন সদস্য নির্বাচিত হন। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আরও একজনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন। এরপর কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়।

নবগঠিত কার্যকরী পরিষদে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার প্রতিনিধিদের পাশাপাশি নোবিপ্রবি শাখার সভাপতি আরিফুর রহমান সৈকতও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

Link copied!