বুধবার ১৫, জুলাই ২০২৬

বুধবার ১৫, জুলাই ২০২৬ -- : -- --

নোবিপ্রবিকে সবুজ ও পরিবেশবান্ধব মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হচ্ছে: উপাচার্য

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) সবুজ ও পরিবেশবান্ধব মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম সংলগ্ন মাঠে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য ছিল, “একটি চারা, একটি প্রাণ, নোবিপ্রবিসাসের আহ্বান”।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নোবিপ্রবি ক্যাম্পাসকে একটি সবুজ ও পরিবেশবান্ধব মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সাংবাদিক সমিতিকে সাধুবাদ জানিয়ে বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি এমন একটি মহৎ ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত প্রশংসনীয়। তরুণ প্রজন্মের হাত ধরেই আমাদের প্রকৃতি ও পরিবেশ আগামী দিনে সুরক্ষিত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের হেড অব মাল্টিমিডিয়া ফখরুল ইসলাম, নোবিপ্রবিসাসের সাবেক সভাপতি ও বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক আব্দুল কবীর ফারহান এবং নোবিপ্রবিসাসের সাবেক সভাপতি মো. ইমাম হোসাইন মিয়াজী। নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও নবীন সংবাদকর্মীরা অংশ নেন।

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম উপস্থিত অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই তারা এই উদ্যোগ নিয়েছেন। আগামীতেও ক্যাম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে নোবিপ্রবি সাংবাদিক সমিতির এ ধরনের পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

Link copied!