প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পঞ্চম তলায় নবনির্মিত সেন্টারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় দেশের মাত্র ১০টি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। এর মধ্যে স্থান পেয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সেন্টারটিতে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার, উচ্চগতির ইন্টারনেট, স্মার্ট টিভি, এলইডি স্মার্ট বোর্ড, কালার প্রিন্টারসহ আধুনিক গবেষণাগার সুবিধা রয়েছে। এসব সুবিধা গবেষণা, উদ্ভাবন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন। গবেষণার মানোন্নয়নে এ ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি উচ্চতর গবেষণার কাজে ব্যবহৃত হবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান সংশ্লিষ্টদের সেন্টারটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পয়েন্ট ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রক্টর ড. এস. এম. আহসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
