প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ১১:০১ পিএম
মহিলাবিষয়ক অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৬টি পদে ৭৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকরা আগামী ৮ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৮ জুলাই ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। একই গ্রেডের একাধিক পদের পরীক্ষা একই সময় ও একই কেন্দ্রে অনুষ্ঠিত হতে পারে। তাই সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন না করার জন্য প্রার্থীদের নিরুৎসাহিত করা হয়েছে।
এ ছাড়া ২১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যেসব প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদন অনুযায়ী তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেসব পদে নিয়োগ
১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ২
- গ্রেড: ১৩
- বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
- যোগ্যতা: এইচএসসি পাস, নির্ধারিত বাংলা ও ইংরেজি সাঁটলিপি এবং টাইপিং দক্ষতা।
২. ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)
- পদসংখ্যা: ৯৭
- (দরজিবিজ্ঞান-৫৩, বুটিক বাটিক-২২, নকশিকাঁথা-২২)
- গ্রেড: ১৩
- বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
- যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা অথবা যেখানে ডিপ্লোমা নেই সেখানে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ৬
- গ্রেড: ১৪
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
- যোগ্যতা: এইচএসসি পাস এবং নির্ধারিত বাংলা ও ইংরেজি টাইপিং ও সাঁটলিপি দক্ষতা।
৪. ডে-কেয়ার ইনচার্জ
- পদসংখ্যা: ২৫
- গ্রেড: ১৪
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
- যোগ্যতা: এইচএসসি পাস। এসএসসি পাসের পাশাপাশি শিশুযত্ন বা নার্সিং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। কেবল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ১৬৩
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- যোগ্যতা: এইচএসসি পাস এবং নির্ধারিত টাইপিং গতি।
৬. অফিস সহায়ক
- পদসংখ্যা: ৪৩৮
- গ্রেড: ২০
- বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
- যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
বয়সসীমা
১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ট্রেড ইন্সট্রাক্টর পদে আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়স প্রমাণে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের https://dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সব শিক্ষাগত যোগ্যতার তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক। নির্বাচিত হওয়ার পর আবেদনপত্রে উল্লেখ না থাকা কোনো শিক্ষাগত সনদ যুক্ত করার সুযোগ থাকবে না।
এ ছাড়া মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টাল থেকেও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে। চূড়ান্ত নিয়োগে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।
আবেদন ফি
১ থেকে ৫ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা।
৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব গ্রেডের পদে আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফি জমা না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ৮ জুলাই ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬, বিকেল ৪টা
- ফি জমা দেওয়ার সময়: আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।
