শুক্রবার ০৩, জুলাই ২০২৬

শুক্রবার ০৩, জুলাই ২০২৬ -- : -- --

২০২৮ সাল থেকে কার্যকর হবে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৯:০৩ এএম

এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ছবি: সংগৃহীত

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মূলত আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি ও সার্বিক তথ্য তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নতুন শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্‌দী আমিন।

শিক্ষামন্ত্রী জানান, পর্যাপ্ত সময় না থাকায় ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ২০২৮ সাল থেকে এটি কার্যকর করা হবে। তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রম প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষাক্রমের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রম সমান গুরুত্ব পাবে।

এ ছাড়া কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষাকে দেশের শিক্ষাব্যবস্থায় বাধ্যতামূলক করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকও উপস্থিত ছিলেন। তিনি আগামী এইচএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি ও প্রয়োজনীয় তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

Link copied!