প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম
বিশ্বকাপের নকআউট পর্বে ধাপে ধাপে আরও কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে ব্রাজিল। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করলেও এরপর টানা তিন জয়ে আত্মবিশ্বাসী সেলেসাওরা। শেষ ৩২ এর লড়াইয়ে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি। এবার তাদের সামনে নরওয়ে।
৫ জুলাই শেষ ষোলোয় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। এই বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো। শেষ ৩২ এ ডিআর কঙ্গোকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড, আর ইকুয়েডরকে বিদায় করে একই পর্বে উঠেছে স্বাগতিক মেক্সিকো।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ধারাবাহিকতায় আছে ইংল্যান্ড। চার ম্যাচে অপরাজিত দলটি সর্বশেষ ডিআর কঙ্গোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও শেষ ১৫ মিনিটে দুই গোল করে ম্যাচ ঘুরিয়ে নেয়। দলের অধিনায়ক হ্যারি কেইন ইতোমধ্যে ৪ ম্যাচে ৫ গোল করে আক্রমণভাগে বড় শক্তি হয়ে উঠেছেন।
অন্যদিকে মেক্সিকোর শক্তি রক্ষণভাগে। স্বাগতিকরা এখন পর্যন্ত টুর্নামেন্টে একটিও গোল হজম করেনি। ফলে কোয়ার্টারে প্রতিপক্ষ যেই হোক, ব্রাজিলকে নিজেদের সেরাটা খেলেই এগোতে হবে।
সম্ভাব্য সেমিফাইনালে ব্রাজিলের সামনে অপেক্ষা করতে পারে আরও বড় চ্যালেঞ্জ। ড্রয়ের সমীকরণ অনুযায়ী শেষ চারে তাদের প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, কলম্বিয়া অথবা সুইজারল্যান্ড। তবে সেই হিসাবের আগে সবচেয়ে বড় বাধা এখন নরওয়ে।
আর্লিং হলান্ডের নেতৃত্বে এবার বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে নরওয়ে। পরিসংখ্যানও তাদের পক্ষেই কথা বলছে। কারণ, আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল।
১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে স্তাদ ভেলোড্রোমে গ্রুপ পর্বের ম্যাচে রোনালদো, রিভালদো ও কাফুদের নিয়ে গড়া শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। এর আগে ১৯৮৮ ও ১৯৯৭ সালের প্রীতি ম্যাচে একবার জয় এবং একবার ড্র করে তারা। সর্বশেষ ২০০৬ সালের প্রীতি ম্যাচও শেষ হয়েছিল ১-১ সমতায়।
অর্থাৎ, চার দেখায় দুই জয় ও দুই ড্র, ইতিহাসে নরওয়ে এখনো অপরাজিত ব্রাজিলের বিপক্ষে। এবার বিশ্বকাপের মঞ্চে সেই ইতিহাস বদলাতে পারবে কি সেলেসাওরা, নাকি নরওয়ে লিখবে নতুন আরেকটি চমক সেটাই এখন দেখার।
