শুক্রবার ০৩, জুলাই ২০২৬

শুক্রবার ০৩, জুলাই ২০২৬ -- : -- --

প্রাথমিক বৃত্তির ফল ৯ জুলাই, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম

ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের প্রায় চার মাস পর অনুষ্ঠিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী। পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ পরিস্থিতিতে দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এক বৈঠকে এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

বৈঠকে উপস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত ফল প্রকাশের নির্দেশনা দেন। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ সম্ভব। পরে সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জুলাই প্রস্তাব করা হলে সেটিই গ্রহণ করা হয়। কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা তৈরি না হলে ওই দিনই ফল প্রকাশ করা হবে।

পরীক্ষা ও পরীক্ষার্থীর সংখ্যা

চলতি বছরের ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয় এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিয়ে শেষ হয়। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। এর মধ্যে প্রায় ৫ লাখ ৫০ হাজার শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং প্রায় ৯০ হাজার শিক্ষার্থী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন) থেকে পরীক্ষায় অংশ নেয়।

যেভাবে জানা যাবে ফল

ফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীরা দুটি মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল আইপিইএমআইএস পোর্টালে ফলাফল দেখা যাবে। এছাড়া মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ থাকবে। এসএমএসের নির্ধারিত পদ্ধতি পরে অধিদপ্তর জানিয়ে দেবে।

মোট কতজন বৃত্তি পাবে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তির আওতায় আসবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ৬৬ হাজার ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী ১৬ হাজার ৫০০

পরীক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে সরকারি বিদ্যালয়ে প্রতি ৮ জনে একজন এবং বেসরকারি বিদ্যালয়ে প্রায় প্রতি সাড়ে ৫ জনে একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।

বৃত্তির ধরন ও অর্থের পরিমাণ

ট্যালেন্টপুল বৃত্তি

  • উপকারভোগী ৩৩ হাজার শিক্ষার্থী
  • মাসিক ভাতা ৩০০ টাকা
  • বার্ষিক এককালীন অনুদান ২২৫ টাকা

সাধারণ বৃত্তি

  • উপকারভোগী ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী
  • মাসিক ভাতা ২২৫ টাকা
  • বার্ষিক এককালীন অনুদান ২২৫ টাকা

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরবর্তী দুই বছর পর্যন্ত এ আর্থিক সুবিধা ভোগ করবে।

Link copied!