মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
শুক্রবার ০৩, জুলাই ২০২৬ -- : -- --
প্রতীকী ছবি।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে ১৬টি বিভাগে ৪০ জন নতুন প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে।
লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত এসব শিক্ষক মঙ্গলবার নিয়োগপত্র গ্রহণের পর বুধবার (১ জুলাই) নিজ নিজ বিভাগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক শিক্ষার্থীর অনুপাত উন্নত করা, একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন শিক্ষকরা পাঠদান, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে যুক্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবেন বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে সর্বোচ্চ চারজন করে প্রভাষক যোগ দিয়েছেন।
এ ছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিভাগে তিনজন করে শিক্ষক নিয়োগ পেয়েছেন। ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই), ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) এবং ইংরেজি বিভাগে দুইজন করে নতুন প্রভাষক যোগ দিয়েছেন।
অন্যদিকে গণিত, সমাজবিজ্ঞান, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) এবং আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে একজন করে শিক্ষক দায়িত্ব গ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন শিক্ষক নিয়োগের ফলে দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকাংশে কমবে। একই সঙ্গে শিক্ষা কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত একাডেমিক পরিবেশ নিশ্চিত করতেও এ নিয়োগ ইতিবাচক ভূমিকা রাখবে।
তাঁরা আরও জানান, শিক্ষকসংখ্যা বৃদ্ধির ফলে গবেষণার সক্ষমতা আরও জোরদার হবে। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, গবেষণা অনুদান ও বিভিন্ন প্রকল্প অর্জনের সম্ভাবনা বাড়বে। একই সঙ্গে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে রুয়েটের অবস্থান উন্নয়নে এ নিয়োগ সহায়ক ভূমিকা রাখতে পারে।