শুক্রবার ০৩, জুলাই ২০২৬

শুক্রবার ০৩, জুলাই ২০২৬ -- : -- --

আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৮:৩৬ এএম

ছবি: সংগৃহীত

আজ (২ জুলাই), সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) শাখায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

সব শিক্ষা বোর্ডে পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নকল ও অনিয়ম ঠেকাতে কঠোর ব্যবস্থা

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে শিক্ষা বোর্ডগুলো কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর নজরদারিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন। তবে কোনো কক্ষে দুইজনের কম পরিদর্শক রাখা যাবে না। বসার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। ৫×৬ ফুটের বেঞ্চে সর্বোচ্চ দুইজন এবং ৪ ফুটের বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন।

পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ পাবেন। তবে পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে সবাইকে নিজ নিজ কক্ষে উপস্থিত থাকতে হবে। বিশেষ পরিস্থিতিতে কেউ দেরিতে এলে তার তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে প্রয়োজনীয় যাচাই শেষে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া যাবে।

প্রশ্নপত্রে বহুস্তরীয় নিরাপত্তা

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ধাপের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করা হবে।

পরীক্ষার দিন নির্ধারিত প্রশ্নপত্র ট্যাগ অফিসার ও পুলিশের নিরাপত্তায় কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। মোবাইলের মাধ্যমে নির্ধারিত সেট কোড পাওয়ার পরই প্রশ্নপত্র খোলা যাবে। নির্ধারিত সেটের বাইরে অন্য কোনো প্রশ্নে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সব কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক

এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বর এবং ডিভিআর/এনভিআর সংক্রান্ত তথ্য শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো কেন্দ্রে সিসিটিভি অকার্যকর পাওয়া গেলে বা নিরাপত্তায় গাফিলতি ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কাঁটাযুক্ত ঘড়ি ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ।

এ ছাড়া পরীক্ষা চলাকালে অপ্রয়োজনীয় ব্যক্তিদের কেন্দ্রে প্রবেশ সীমিত রাখা, টয়লেট তল্লাশি, প্রশ্ন ও উত্তরপত্র পরিবহনে পুলিশের সম্পৃক্ততা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

কন্ট্রোল রুম চালু

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫।

এ ছাড়া জরুরি প্রয়োজনে ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ এবং ০১৭৫৬১০৩১৫২ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল: controller@dhakaeducationboard.gov.bd

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নকল, প্রশ্নফাঁস বা পরীক্ষা ঘিরে যেকোনো ধরনের অনিয়ম ও গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ বিভ্রান্তিকর বা প্রশ্নফাঁস-সংক্রান্ত তথ্য ছড়ালে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!