শুক্রবার ০৩, জুলাই ২০২৬

শুক্রবার ০৩, জুলাই ২০২৬ -- : -- --

জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন চান ইউনিভার্সিটি টিচার্স লিংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৮:৪৬ এএম

প্রতীকী ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দ্রুত ‘জুলাই সনদ’ চূড়ান্ত ও বাস্তবায়নের দাবি তুলেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

বুধবার (১ জুলাই) সংগঠনের আহ্বায়ক ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব ড. মো. জামাল উদ্দীনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সূচনার এই দিনে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবাধিকার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি সংগঠনটি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও উল্লেখ করা হয়।

এতে গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের প্রতিও গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক আহত ব্যক্তি এখনো শারীরিক ও মানসিক জটিলতার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন। তাই তাদের উন্নত চিকিৎসা, পূর্ণাঙ্গ পুনর্বাসন, উপযুক্ত ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা দ্রুত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির নেতারা আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের স্বার্থে ‘জুলাই সনদ’ দ্রুত চূড়ান্ত, অনুমোদন এবং কার্যকর করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। একই সঙ্গে শহীদ পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক, সামাজিক, শিক্ষাগত ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা, আহতদের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন সুসংহত করার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করা সম্ভব বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Link copied!