প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি শহিদ মিনার থেকে শুরু হয়ে গোলচত্বর, বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্য সচিব মো. আবুল বাশারসহ সংগঠনটির নেতাকর্মীরা।
আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “নবগঠিত কুবি ছাত্রদলের কমিটি সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে। ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি অব্যাহত রাখা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে আমরা নিয়োজিত থাকব। আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদল তার গৌরব ধরে রাখবে এবং তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সবাই ছাত্রদলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।”
সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আগামী দিনে শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি আদায়ে পাশে থাকবে। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন, খাবারের মানোন্নয়ন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা কাজ করব। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কুবি ছাত্রদল সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।”
উল্লেখ্য, গত ১৯ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ দীর্ঘ পাঁচ বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এতে মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং মো. আবুল বাশারকে সদস্য সচিব করা হয়।
