মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
রবিবার ২১, জুন ২০২৬ -- : -- --
সংগৃহীত ছবি
জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯টি ক্যাটাগরিতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও চা বাগানকে সম্মাননা প্রদান করা হয়েছে। উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন, শ্রমিক কল্যাণ, উদ্ভাবনী বিপণন এবং পুষ্টিসমৃদ্ধ চা উৎপাদনে অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
শনিবার (২০ জুন) চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চা শুধু পানীয় নয়। এটি বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। চা শিল্পকে আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।”
চা শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “চা শ্রমিকদের কঠোর পরিশ্রম ছাড়া এ শিল্প এগোত না। তাদের ন্যায্য মজুরি, আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
এ সময় শ্রীমঙ্গলকে আন্তর্জাতিক মানের ‘চা পর্যটন’ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ‘শ্রীমঙ্গল পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের প্রস্তাবও দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। তিনি বলেন, “চা শিল্পের টেকসই উন্নয়ন ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিক, মালিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও কল্যাণ সরকার গুরুত্ব দিয়ে দেখছে।”
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান টি রহমান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহ মাইনুদ্দীন হাসান, টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী এবং ব্রড লিফ টি ফ্যাক্টরি মালিক সমিতির সভাপতি নিয়াজ আলি চিশতি।
অনুষ্ঠান শেষে অতিথিরা জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত চা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা চা উৎপাদন, বিপণন ও বাজার ব্যবস্থাপনা নিয়ে উদ্যোক্তা, ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী আয়োজনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, চা বাগান মালিক, শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।