প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১২:০৮ এএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচি ও জনসমাগমের আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। পতাকা উত্তোলন, মিছিল কিংবা অন্যান্য প্রকাশ্য কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংঘর্ষের ঝুঁকি রয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান দেশের সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। ১৮ জুন স্বাক্ষরিত ওই চিঠিতে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড নিয়ে মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরা হয়েছে।
পুলিশের মূল্যায়নে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা হতে পারে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক সংগঠন, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে তাদের ওপরও হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে বিভিন্ন জেলা ও মহানগরে নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং সম্ভাব্য জমায়েতস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, পরিস্থিতি নিয়ে তারা সতর্ক থাকলেও বিশেষ কোনো শঙ্কা দেখছে না। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে। আমাদের সামনে বড় কর্মসূচি হচ্ছে ১০ মহররম বা আশুরা। পাশাপাশি ২৩ জুন একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট (তল্লাশিচৌকি), টহল, বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রয়েছে এবং থাকবে।’
