রবিবার ২১, জুন ২০২৬

রবিবার ২১, জুন ২০২৬ -- : -- --

যবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য “এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৫:০৫ পিএম

সংগৃহীত ছবি

তরুণ শিক্ষার্থীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ‘এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেইনিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ট্রেইনিং ইনস্টিটিউটের আয়োজনে এবং যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মশালায় ব্যবসায় শিক্ষা অনুষদের চারটি বিভাগের মোট ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীরা চাকরি করবে না, চাকরি দিবে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের মিশন ও ভিশন। এজন্য আমাদের শিক্ষার্থীদের ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরণের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। উদ্যোক্তা হতে ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে যে মানসিকতা প্রয়োজন এগুলো শিক্ষার্থীরা এসব প্রশিক্ষণ থেকে শিখবে বলে আমি মনে করি।”

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাতেমা সুলতানা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস এবং প্রশিক্ষণ কর্মসূচির কোর্স ডিরেক্টর মো. তানজীম হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর মিফতাহুল জান্নাত রিপা।

আয়োজকরা জানান, কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, নেতৃত্বগুণ এবং চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

Link copied!