প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৯:০০ পিএম
নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
শনিবার (২০ জুন) রাজধানীর একটি হোটেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত “ইয়ুথ ভয়েস ফর সোশ্যাল প্রটেকশন” শীর্ষক ইউএনডিপি-ডিইউডিএস বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ ও সাধারণ সম্পাদক রাগীম আনজুম উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে বিতর্কের মতো সহ-শিক্ষামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত এবং সামাজিক ব্যাধি নির্মূলে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিতর্কের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি এবং সমস্যা তুলে ধরার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, ইউএনডিপি বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী সংস্থা। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপি’র সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সূচনা হয়, যেখানে তরুণদের সামাজিক সুরক্ষা ও উন্নয়ন বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ তৈরি হয়।
