শনিবার ২০, জুন ২০২৬

শনিবার ২০, জুন ২০২৬ -- : -- --

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১১:৩৮ এএম

সংগৃহীত ছবি

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ এ দুই মৃত্যুর ঘটনায় চলতি বছরে বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো সায়হান ও আহিয়ান। তাদের বয়স এক বছরের নিচে। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৭ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময় মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে। তবে বাকি মৃত্যুগুলো হামের উপসর্গ নিয়ে ঘটেছে বলে জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে আরও দুইজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬৯ জন সন্দেহভাজন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা রোগটির বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা, দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

Link copied!