শনিবার ২০, জুন ২০২৬

শনিবার ২০, জুন ২০২৬ -- : -- --

স্বপ্নজয়ী সংগঠনের সহায়তায় নতুন ঘর পেলেন বিধবা অঞ্জলী সাহা

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের পূর্ব উত্তরপাড়া নাগবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা অঞ্জলী সাহার জীবনের বড় একটি স্বপ্ন পূরণ হয়েছে। দীর্ঘদিনের কষ্ট, অনিশ্চয়তা ও দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে একটি নিরাপদ ঘরের মালিক হয়েছেন তিনি।

প্রয়াত সুবল সাহার স্ত্রী অঞ্জলী সাহা দীর্ঘদিন ধরে তিন মেয়েকে নিয়ে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছিলেন। সামান্য বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ত, আর রাত কাটাতে হতো পলিথিন টাঙিয়ে। আর্থিক অসচ্ছলতার কারণে নিজের উদ্যোগে ঘর সংস্কার বা নতুন ঘর নির্মাণের কোনো সুযোগ ছিল না তার।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে অসুস্থ স্বামীর জন্য একটি হুইলচেয়ারের প্রয়োজনীয়তার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে কিছু মানবিক ব্যক্তি এগিয়ে এসে সহযোগিতা করেছিলেন। তবে পরে স্বামীর মৃত্যু হলে আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হন অঞ্জলী সাহা।

এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায় শ্যামগ্রাম স্বপ্নজয়ী সংগঠন। অসহায় এই নারীর দুর্দশার কথা জানতে পেরে সংগঠনের সদস্যরা এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের সহযোগিতায় নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয় একটি নিরাপদ ও বসবাসযোগ্য ঘর।

বৃহস্পতিবার (১৮ জুন) ঘরের নির্মাণকাজ সম্পন্ন হলে আবেগাপ্লুত হয়ে পড়েন অঞ্জলী সাহা। নতুন ঘর বুঝে পাওয়ার সময় তার চোখে দেখা যায় আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু।

তিনি বলেন, "আমি কখনো ভাবিনি আমার জন্য কেউ এভাবে এগিয়ে আসবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন।"

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নজয়ী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জিহাদ, ইউপি সদস্য রঞ্জন মেম্বার, রাজন সূত্রধর, বাপন নাগ ও নিলয় সাহাসহ সংগঠনের সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, অঞ্জলী সাহার জন্য নির্মিত এই ঘর শুধু একটি বসতঘর নয়; এটি একজন অসহায় মায়ের নিরাপত্তা, মর্যাদা এবং নতুন করে বেঁচে থাকার আশার প্রতীক। তাদের মতে, সমাজের বিত্তবানদের নীরবতার মধ্যে স্বপ্নজয়ী সংগঠনের এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

একটি ঘর হয়তো একজন মানুষের জীবনের সব সমস্যার সমাধান নয়, তবে মাথা গোঁজার নিরাপদ আশ্রয় তার জীবনসংগ্রামে নতুন শক্তি জোগাতে পারে। অঞ্জলী সাহার মুখের হাসি সেই সত্যকেই নতুন করে সামনে এনেছে।

Link copied!