প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০১:২৭ এএম
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গঠনের প্রত্যয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রজেক্ট প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এসব কর্মসূচিতে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আমির হোসেন দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রজেক্ট ডিসপ্লে পরিদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আমির হোসেন বলেন, “পরিবেশ সংরক্ষণ শুধু একটি দিবসের আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তন, দূষণ ও জীববৈচিত্র্যের ক্ষয় আজ বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এসব মোকাবিলায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ বিষয়ে গবেষণাকে আরও উৎসাহিত করা হবে।”
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধিতে কার্যকর কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান এবং সদস্য সচিব ছিলেন সমাজকর্ম বিভাগের প্রভাষক ইমরুল কবির। তাদের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে দিনব্যাপী কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শেষপর্বে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
