সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১১:১৮ পিএম

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাইনী ব্রিজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে পরিচালিত অভিযানে মোঃ ফারুক হোসেন নামে ওই যুবককে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় ফারুক হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট বসিয়ে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন দীঘিনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুল খালেক।

ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরে দীঘিনালা থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার বলেন, “মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”

পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

Link copied!