সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম নিয়ে সেমিনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম

সংগৃহীত ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রখ্যাত সাহিত্যিক ও ঔপন্যাসিক শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক দুইদিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধনী বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “শহীদুল্লা কায়সার এমন একজন সাহিত্যিক ও ঔপন্যাসিক যিনি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে আছেন। তাঁর অন্যতম সাহিত্যকর্মের মধ্যে রয়েছে সংশপ্তক, সারেং বউ ইত্যাদি। সারেং বউ চলচ্চিত্রে একজন জেলের জেলেজীবনের ঘটনা এবং একজন নারীর সংগ্রামী জীবন ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি সংশপ্তক নাটকে মোড়ল শ্রেণীর লোক দ্বারা কিভাবে মানুষ শোষিত হচ্ছে তা দেখানো হয়েছে। তিনি তার বিভিন্ন লেখনীর মাধ্যমে শোষক ও শোষিত শ্রেণীর চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন।”

তিনি আরও বলেন, “অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের তাঁর জন্ম তারিখ জানা থাকলেও মৃত্যুর কোনো তারিখ আমাদের জানা নেই। আজকের এই দিনে আমরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা তাঁর বিভিন্ন লেখনীর মাধ্যমে তাঁকে জানার চেষ্টা করবো।”

বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মাসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানার পরিচালক (চলতি দায়িত্ব) ড. তপন বাগচী, নোবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. শিরিন আক্তার এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শুভেন্দু সাহা।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভীন তামান্নার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রাবন্ধিক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তিথি দেবনাথ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির অভিধান ও বিশ্বকোষ উপবিভাগের সহকারী সম্পাদক রাজীব কুমার সাহা।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, দুইদিনব্যাপী এ সেমিনারে শহীদুল্লা কায়সারের সাহিত্য, সমাজচিন্তা এবং বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

Link copied!