মঙ্গলবার ০৯, জুন ২০২৬

মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --

'এনটিএফসি ২০২৬, সিজন-১' এর সেমিফাইনালে নিটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৩:০৩ পিএম

এনটিএফসি ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে জয়ের পর নিটার টেক্সটাইল টিমের বিজয় উল্লাস

টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে টাইব্রেকারে পরাজিত করে ‘ন্যাশনাল টেক্সটাইল ফুটবল চ্যাম্পিয়নশিপ (এনটিএফসি) ২০২৬, সিজন-০১’-এর সেমিফাইনালে উঠেছে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর টেক্সটাইল ফুটবল দল।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও টেক্সটাইল ট্রেন্ডের যৌথ উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয় দুই দল। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে নিটার। শেষ পর্যন্ত ৪–২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি এবং সেমিফাইনালের টিকিট অর্জন করে।

এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দিয়েছে নিটার টেক্সটাইল টিম। খেলোয়াড়দের সমন্বিত পারফরম্যান্স, দৃঢ় মানসিকতা ও কৌশলগত ফুটবল ম্যাচজুড়ে প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এবারের আসরে দেশের স্বনামধন্য আটটি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করছে। ক্রীড়াচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

Link copied!