বুধবার ২৯, জুলাই ২০২৬

বুধবার ২৯, জুলাই ২০২৬ -- : -- --

ফরিদগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রয়াসের আহ্বান

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

মুহাম্মাদ আল আমীন সাইফ

একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের হাতে, আর সেই ভবিষ্যতের বীজ বপন হয় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। শিশুর প্রথম পাঠ, প্রথম স্বপ্ন এবং প্রথম মূল্যবোধের শিক্ষা অর্জনের এই প্রতিষ্ঠানই হয়ে ওঠে একটি আলোকিত সমাজ ও সুশিক্ষিত জাতি গঠনের ভিত্তি। সেই প্রত্যয়কে আরও দৃঢ় করতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, “প্রাথমিক বিদ্যালয় হচ্ছে সুশিক্ষিত জাতি বিনির্মাণের আঁতুড়ঘর। একটি উন্নত, আধুনিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং মিড-ডে-মিল পুনরায় চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং সমাজের সচেতন মানুষ সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে এই দেশ অসংখ্য মেধাবী, মানবিক ও দক্ষ নাগরিক উপহার পাবে। শিক্ষার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হবে, যখন বিদ্যালয়কে ঘিরে সবাই সমানভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।”

বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি বিল্লাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, শিক্ষানুরাগী আফতাবুল ইসলাম, সাবেক শিক্ষা কর্মকর্তা মনির হোসেন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শংকরী চক্রবর্তী।

অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। অতিথিরা তাদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে আরও বড় অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার ও দেশের সুনাম বয়ে আনার আহ্বান জানান।

শুধু বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই নয়, অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের প্রতিও ছিল অনুপ্রেরণার বার্তা। বক্তারা বলেন, অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার সমন্বয়েই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। তাই প্রতিটি শিশুর মধ্যেই ভবিষ্যতের সম্ভাবনাকে লালন করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা আশা প্রকাশ করেন, এমন স্বীকৃতি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থী সাফল্যের স্বাক্ষর রাখবে।

Link copied!