মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

৮ বছর পর ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

নিটার থেকে সামিহা সামি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সূচি ও আয়োজক ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতার ১৫তম আসর।

দক্ষিণ এশিয়ার ফুটবলে অন্যতম আকর্ষণীয় এই টুর্নামেন্টে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর সব সদস্য দেশের অংশগ্রহণের কথা রয়েছে। ২০১৮ সালের পর আবারও বাংলাদেশে ফিরছে এই আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াই, যা ফুটবলপ্রেমীদের মাঝে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে।

টুর্নামেন্টকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে আসরের অফিসিয়াল লোগো উন্মোচন অনুষ্ঠান। এছাড়া ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অফিসিয়াল ড্র, যেখানে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ নির্ধারণ করা হবে।

সাফের মহাসচিব পুরুষোত্তম কাটেল বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ এবং ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা সত্যিই উচ্ছ্বসিত। এই টুর্নামেন্টের সঙ্গে আমাদের এক বিশেষ সম্পর্ক রয়েছে। বছরের পর বছর ধরে পুরো অঞ্চলের ফুটবলপ্রেমীদের জন্য এই আসর অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ হওয়ার ঠিক পরপরই এই ঘোষণা আসাটা দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য একটি রোমাঞ্চকর সময়। বাংলাদেশে ফুটবলের প্রতি দ্রুত বাড়তে থাকা আগ্রহের প্রেক্ষাপটে আয়োজক হিসেবে বাংলাদেশের নিশ্চিত হওয়াটা বিশেষভাবে উত্তেজনাপূর্ণ। খেলোয়াড় ও দর্শক উভয়ের মনেই দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে এমন একটি বড় এবং সফল আসর উপহার দেবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করছি আমরা।’

কাটেল বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ এবং মাসজুড়ে চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত নানা কার্যক্রম, তথ্য এবং অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব। এই স্মরণীয় আসরের কাউন্টডাউন শুরু হতে যাওয়ার এই মুহূর্তে আমাদের এই উচ্ছ্বাসের সঙ্গী হবেন আমাদের ভক্তরা, এমনটাই আন্তরিকভাবে আশা করছি।’

২০২৬ সালের এই আসরটি হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম সংস্করণ। ছয় বছর পর বাংলাদেশে ফিরতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

Link copied!