রবিবার ০৭, জুন ২০২৬

রবিবার ০৭, জুন ২০২৬ -- : -- --

কটিয়াদীতে গাছে গাছে পাখির বাসা ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৬:০৬ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদান সমিতি’। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখির নিরাপদ আবাস নিশ্চিত করতে গাছে গাছে পাখির কৃত্রিম বাসা স্থাপনের কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

‘প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে কটিয়াদী সরকারি কলেজ চত্বরে একটি স্মারক বৃক্ষরোপণের মাধ্যমে মাসব্যাপী সবুজায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে বিভিন্ন গাছে মাটির কলস দিয়ে কৃত্রিম বাসা স্থাপন করা হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচিও পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বদরুল আলম নাঈম বলেন, “বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশসহ পুরো বিশ্ব আজ জলবায়ু ঝুঁকিতে। এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থেই বেশি করে গাছ লাগাতে হবে।”

সংগঠনের কার্যকরী সমন্বয়ক ও চলচ্চিত্রকর্মী জিসান আজাদ বলেন, “বর্তমান পরিবেশগত সংকটের সিংহভাগই মানবসৃষ্ট। নির্বিচারে বন উজাড় করার কারণে জলবায়ুর বিরূপ প্রভাব দিন দিন আরও প্রকট হচ্ছে। পরিবেশকে বাঁচাতে এখনই আমাদের ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।”

বক্তারা বলেন, পরিবেশের বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে পাখিসহ বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের সক্রিয় সদস্য কাওসার আহমেদ, ইমরান হোসেন, ইয়াসিন আহমেদ, আরিফুল ইসলাম, হাসিব আল মাহমুদ রাস্কি, সাব্বির হোসেন রিয়াদ, আরিফুল ইসলাম আকাশসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Link copied!