রবিবার ০৭, জুন ২০২৬

রবিবার ০৭, জুন ২০২৬ -- : -- --

শিক্ষাখাতে জিডিপির ৫% বরাদ্দের দাবিতে বাকবিশিসের মানববন্ধন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৫:৪০ পিএম

সংগৃহীত ছবি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দ্রুত অবসর ও কল্যাণভাতা প্রদান এবং শিক্ষাখাতে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।

শনিবার (৬ জুন) দুপুর ১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিন ধরে বকেয়া থাকা অবসর ও কল্যাণভাতা দ্রুত পরিশোধের উদ্যোগ নিতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থার জাতীয়করণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় মানববন্ধন-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ড. খোরশেদ আলম বাবুল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, অধ্যক্ষ আকমল হোসেন, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক ওসমান গণি সুমন এবং অধ্যাপক রুহুল আমীন প্রমুখ।

বক্তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বহু শিক্ষক-কর্মচারী অবসরে যাওয়ার পরও বছরের পর বছর তাদের প্রাপ্য অবসর ও কল্যাণভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতিকে তারা অমানবিক ও বৈষম্যমূলক উল্লেখ করে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুততম সময়ে ভাতা পরিশোধের দাবি জানান।

এছাড়া মানববন্ধন থেকে শিক্ষাব্যবস্থার জাতীয়করণ, শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূরীকরণ এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পূর্ণাঙ্গ উৎসব ভাতা চালুর দাবিও জানানো হয়।

কর্মসূচিতে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Link copied!