শনিবার ৩০, মে ২০২৬

শনিবার ৩০, মে ২০২৬ -- : -- --

শর্ত দিয়ে ইরানের ওপর নৌ-অবরোধ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৮:২৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উভয় দিকের জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার কথাও জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।

হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার আগে ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিভিন্ন শর্ত তুলে ধরেন।

ট্রাম্পের প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে অন্যতম হলো-ইরান ভবিষ্যতে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করতে পারবে না। একই সঙ্গে হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য কোনো ধরনের টোল ছাড়াই অবিলম্বে উন্মুক্ত রাখতে হবে।

এ ছাড়া প্রণালিতে থাকা সব অবশিষ্ট সামুদ্রিক মাইন দ্রুত অপসারণ বা নিষ্ক্রিয় করার দায়িত্ব ইরানকে নিতে হবে। ট্রাম্প দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত মাইন সুইপার ইতোমধ্যে বিপুল সংখ্যক মাইন ধ্বংস করেছে।

তিনি আরও জানান, প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় মাটির নিচে চাপা পড়ে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা ‘নিউক্লিয়ার ডাস্ট’ খনন করে সম্পূর্ণ ধ্বংস করা হবে। এ কাজে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), ইরান এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে।

নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোর নাবিক ও কর্মীদের উদ্দেশে বলেন, মার্কিন নৌ-অবরোধের কারণে যেসব জাহাজ সেখানে অবস্থান করছিল, তারা এখন নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি নিতে পারে। তিনি রসিকতার সুরে বলেন, তাদের পরিবারের সদস্যদের কাছে যেন ‘প্রিয় প্রেসিডেন্টের’ শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।

তবে ট্রাম্প স্পষ্ট করে জানান, আপাতত কোনো অর্থ ছাড় বা তহবিল মুক্ত করা হবে না। তিনি বলেন, আরও কিছু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্য তিনি সিচুয়েশন রুমের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।

তথ্যসূত্র: আল-জাজিরা

Link copied!